ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

অন্তর্জালে ‘শিল্পী নাটকের’ ঝড়

ads

বর্তমান সময়ে টেলিভিশন নাটকের সফল জুটিদের মধ্যে অন্যতম আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। গত ১৮ জানুয়ারি এ জুটির ‘শিল্পী’ নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। মহিদুল মহিম পরিচালিত নাটকটি ২০ দিনে ৭৮ লাখের বেশি ভিউ হয়েছে। এতে লাইক পড়েছে ৩ লাখের বেশি। আর প্রায় বিশ হাজারের মতো কমেন্ট পড়েছে। যাতে নাটকটি নিয়ে দর্শকরা তাদের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন।


২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাস্তব’ সিনেমায় ব্যবহার করা হয় ‘বুক চিন চিন করছে হায়’ গানটি। কবীর বকুলের লেখা এই গানে কণ্ঠ দেন এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী। আর ঠোঁট মিলিয়েছিলেন চিত্রনায়ক মান্না ও পূর্ণিমা। এই গান ব্যবহার করা হয়েছে এই নাটকে। গানটি কাভার করেছেন জাহেদ পারভেজ পাভেল ও তাসনিম আনিকা।


নাটকে ব্যবহৃত এই গানের ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা এখন রীতিমতো ভাইরাল। টিকটক এবং ডাবম্যাশে শীর্ষে রয়েছে নাটকটির ভাইরাল হওয়া এই গান। সবমিলিয়ে বলা যায়, গানটি এখন সবার মুখে মুখে! অবাক করা বিষয় হলো, মান্না ও পূর্ণিমা অভিনীত মূল গানটি গত সপ্তাহে কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। যা ১৪ দিন আগেও ছিল মাত্র ৫০ লাখ ভিউ!


এ বিষয়ে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন—অনেক আগে করা আমার সিনেমার জনপ্রিয় গান এটি। আমিও দেখলাম গানটি কোটি ভিউ হয়েছে। তবে নতুন করে এই গান আলোচনায় এসেছে। নাটকটি আমার দেখা হয়নি। কিন্তু গানের বিভিন্ন ক্লিপ দেখেছি। আমি ভিউ নিয়ে কখনো চিন্তা করি না। আর এই গান সেই শুরু থেকেই দর্শকমহলে জনপ্রিয়!


নাটকটির পরিচালক মহিদুল মহিম বলেন—বরাবরই দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করি। এই নাটকও তারই অংশ। নাটকটি নিয়ে প্রথম থেকেই আশাবাদী ছিলাম। আর বর্তমান সাফল্য আমার ভাবনাকেও ছাড়িয়ে গেছে। আমার প্রতিটি নির্মাণই দর্শকদের জন্য। তাই আমার নাটকের প্রতি তাদের ভালোবাসাই কাজের সফলতা।


আফরান নিশো ও মেহজাবিনকে ধন্যবাদ দিয়ে এই নির্মাতা বলেন—এই সফলতার জন্য ধন্যবাদ জানাচ্ছি নিশো ভাইয়া ও মেহজাবিন আপুকে, যাদের অসাধারণ অভিনয় ছাড়া এই সাফল্য অর্জন সম্ভব হতো না। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি নাটকটির  প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু ভাই ও ডিওপি কামরুল ইসলাম শুভ, মিউজক ডিরেক্টর আভরাল সাহির, সম্পাদক রমজান আলী ভাইসহ পুরো ‘শিল্পী’ টিমকে। সেই সঙ্গে অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা। শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি, নাটকের প্রতিটি গানের মূল শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীদের প্রতি।

ads
ads
ads

Our Facebook Page